Saturday, August 13, 2016

দ্বিতীয় ইউলুপে কমবে যানজট, ঘুচবে দুর্ভোগ

হাতিরঝিলের মোড় থেকে আফতাব নগরের সামনের রাস্তা ধরে মেরুল বাড্ডা। আর কিছুটা এগোলেই চোখে পড়বে উঁচু-নিচু পিলারগুলো। সেখানে রড আর কংক্রিটের স্তূপ। কাজ করছেন বেশ কয়েকজন শ্রমিক। রাস্তার মাঝখানের বিশাল অংশও দড়ি দিয়ে আলাদা করা হয়েছে। এতে দুই লেনের গাড়িগুলোকে একটু সরু পথেই চলাচল করতে হচ্ছে। বলা হচ্ছে, এই দুর্ভোগ সাময়িক। এই উড়ালসেতুর নির্মাণকাজ শেষে রামপুরা-বনশ্রীর বাসিন্দাদের মতো বাড্ডা এলাকার মানুষের যানজটের দুর্ভোগ কমবে—এমন আশা করছেন ওই পথের নিয়মিত যাত্রীরা।

হাতিরঝিল থেকে বাড্ডার দিকে যেতে মেরুল বাড্ডায় চলছে দ্বিতীয় ইউলুপ (উত্তর) নির্মাণের কাজ। ইউলুপ হলো ইউ আকৃতির উড়ালসেতু। মূলত বিভিন্ন গাড়ির ইউটার্ন নিয়ে লেন পরিবর্তনের জন্য এ ধরনের উড়ালসেতু ব্যবহার করা হয়। রামপুরায় প্রথম সেতুটি নির্মাণের পর যানজট নিরসনে বেশ সাফল্য পাওয়া গেছে। কাজেই বাড্ডার নির্মাণাধীন এই সেতু ঘিরেও আশার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই ইউলুপ বাড্ডার যানজট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।